৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের

শেয়ারহোল্ডারদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে কোম্পানিটির ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সম্প্রতি ডিজিটাল বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সভায় শেয়ারহোল্ডারদের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অডিট কমিটির চেয়ারম্যান, এনআরসি চেয়ারম্যান, স্ট্যাটিউটরি অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল সাড়ে ৯টায় সভার কার্যক্রম শুরু হয়। এতে ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারদের বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম। এদিকে সভায় স্পন্সর পরিচালক হিসেবে অধ্যাপক এ এন এম এ জাহের এবং অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান পুনর্নির্বাচিত হয়েছেন।

কোম্পানিটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ ২৪৮ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬৩১ টাকা জমা দিয়েছে। এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া প্রচলিত শ্রম আইন অনুযায়ী, কোম্পানির মুনাফার ৫ শতাংশ অর্থাৎ ৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯০৪ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে জমা দেওয়া হয়েছে।

শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সদস্য, কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.