ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সে কারণে জনগন ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে তারা সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

এনসিপির আহবায়ক বলেন, ভারত একজন খুনীকে স্পেস দিচ্ছে, একটি দলকে ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য। আমাদের এখন যে লড়াই সেটি আওয়ামী লীগের সাথে না। এখন ভারতীয় আধিপত্যবাদের সাথে লড়াই। আওয়ামী লীগকে আমরা ৫ অগাস্টেই পরাজিত করেছি। ইন্ডিয়া বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য জনগন ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। যা কিছু বাংলাদেশে হচ্ছে তার সাথে ভারত সরাসরি জড়িত বলে আমরা মনে করি। গঙ্গার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তির সময়ে ভারতকে যেন কঠোর বার্তা দেওয়া হয় ও ন্যায্য হিস্যা নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, বৈঠকে তারা শেখ হাসিনার রায় কার্যকর, ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করা এবং গণেভাটের রায় যেভাবে এসেছে সে অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছেন। যে লড়াই জুলাইতে করেছিলাম সেটা এখনো করতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে না পারলে জনগনের আস্থা আমরা অর্জন করতে পারবো না। পাশাপাশি জুলাই ভিকটিমরা যাতে ন্যায় বিচার পায়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছি। সরকার ঐক্যের কথা বলেছে। আমরা সেই ঐক্যের জন্য আমাদের যা সুপারিশ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে সেটি বলেছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.