রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম।
প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। তারা জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে এনএসইউ।
প্রতিনিধিদলের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্ন করা প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদেরও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নত করার পাশাপাশি দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি করতে হবে।
সাক্ষাৎকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২৭তম সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। তিনি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.