পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রামে একের পর এক অগ্নিসংযোগের ঘটনাকে ইহুদি সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকট। এসব হামলার জন্য দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে দায়ী করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) দ্য জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা অঞ্চলটিকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ পরিস্থিতির জন্য বেন-গভির ও স্মোট্রিচের নীতিকে দায়ী করেন গাদি আইজেনকট।
তার ভাষ্য মতে, জুদেয়া ও সামারিয়া অঞ্চলে রাতভর অগ্নিসংযোগের ঘটনাকে ইহুদি সন্ত্রাসবাদ হিসেবেই অভিহিত করতে হবে। চরমপন্থী গোষ্ঠীগুলোর গাড়ি ও বাড়িঘরে আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।
তিনি আরও অভিযোগ করেন, বেন-গভির ও স্মোট্রিচের নীতির কারণে পশ্চিম তীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাদের নীতিই অঞ্চলটিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।
আইজেনকটের অভিযোগের জবাবে বেন-গভির বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইহুদি সন্ত্রাসবাদের অভিযোগকে ব্যবহার করছেন সাবেক এই সেনাপ্রধান। ভবিষ্যতে সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোর সমর্থন পেতেই তিনি এমন অবস্থান নিয়েছেন বলে দাবি করেন বেন-গভির।
তিনি বলেন, ঘটনার প্রকৃত তথ্য বা তদন্ত সম্পর্কে কোনো ধারণা না থাকলেও আইজেনকট তাড়াহুড়ো করে একে ইহুদি সন্ত্রাসবাদ বলছেন। পাশাপাশি প্রশাসনিক আটকাদেশের দাবি জানাচ্ছেন এবং অভিযুক্তদের শিন বেতের হেফাজতে পাঠাতে চাইছেন। আহমাদ তিবির কাছে আগাম রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতেই আইজেনকট এমন বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.