ওয়ালটনের এসি এক্সচেঞ্জ অফারে ৩০ শতাংশ ছাড়

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের নতুন ইনভার্টার এসি কিনলে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন গ্রাহকেরা। পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহিত করতে দেশজুড়ে এই বিশেষ বিনিময় সুবিধা চালু রেখেছে ওয়ালটন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সম্প্রতি রাজধানীতে ওয়ালটনের করপোরেট কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি জানায়, দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরনো স্প্লিট, ক্যাসেট কিংবা সিলিং টাইপ এসি জমা দিয়ে নতুন এসি কেনা যাবে। এর আওতায় পৌনে এক টন থেকে আড়াই টন ক্ষমতার ইনভার্টার স্প্লিট এসি এবং দেড় থেকে পাঁচ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট ও সিলিং টাইপ এসি কেনার সুযোগ রয়েছে। পুরনো এসি জমা দিলে পছন্দের নতুন মডেলের মূল্যের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ নগদ ছাড় পাওয়া যাবে।

গত ৩ নভেম্বর থেকে চালু হওয়া এ অফার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সমন্বয়ে এসিতে ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথম বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করে এসি উৎপাদন ও বাজারজাত করছে।

তিনি আরও বলেন, ওজোন স্তরের ক্ষতি কমাতে ২০১৯ সাল থেকে পুরনো এসি বিনিময় কর্মসূচি পরিচালনা করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকদের পুরনো ও অচল এসির পরিবর্তে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্টযুক্ত বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এতে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচ হ্রাস এবং বিদ্যুতের সুষম ব্যবহারে ইতিবাচক ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ওয়ালটন পৌনে এক টন থেকে আড়াই টন ক্ষমতার বিভিন্ন মডেলের ইনভার্টার স্প্লিট এসি উৎপাদন ও বাজারজাত করছে। এসব মডেলের মধ্যে রয়েছে বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভার এসিও। পাশাপাশি বাণিজ্যিক ও বড় স্থাপনার জন্য ভিআরএফ ও চিলার প্রযুক্তির পাশাপাশি দেড় থেকে পাঁচ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট ও সিলিং টাইপ এসি তৈরি করছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন জানিয়েছে, গ্রাহকদের জন্য এসিতে এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট সুবিধা এবং কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.