সেন্টমার্টিনে আটকা হাজারো পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে সাড়ে ৩০০ জন ঝুঁকি নিয়ে ট্রলারে করে কক্সবাজারের টেকনাফে ফিরছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০টি ট্রলারে করে তারা দ্বীপ ছাড়েন। তবে ট্রলারের সংকট থাকায় এখনও অনেক পর্যটক জেটিঘাটে অপেক্ষা করছেন।

বৈরী আবহাওয়ার কারণে গত ১৯ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। এতে কক্সবাজার থেকে জাহাজে করে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ শনিবার দুপুরে বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। এতে কারও কারও আর্থিক সংকট দেখা দিয়েছে। তাদের কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকে ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি ট্রলারে ৩০ থেকে ৩৫ জন করে মোট সাড়ে ৩০০ পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। ট্রলারের সংকট থাকায় আরও অনেক পর্যটক সেন্টমার্টিন জেটিঘাটে অপেক্ষা করছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়া পর্যটকদের মধ্যে যাঁরা ফিরতে চান, তারা ট্রলারে করে টেকনাফে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। আর যারা দ্বীপে থাকতে চান, তারা অবস্থান করছেন। কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা জাহাজে করে কক্সবাজার ফিরবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা কিছু পর্যটক সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছেন। দ্বীপে অবস্থানরত পর্যটকদের খোঁজখবর রাখা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। গত ১৩ নভেম্বর চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক, যা মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চ পর্যটক যাতায়াত। বুধবারও চারটি জাহাজে করে দ্বীপে যান ১ হাজার ২৪১ জন পর্যটক। তাদের মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২, এমভি টেকনাফে ১৪৫ এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। এ ছাড়া ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.