কর্মীদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের সঙ্গে পেরোল ব্যাংকিং চুক্তি করেছে এনসিসি ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকার মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার।
চুক্তির আওতায় টেক্সপ্রো ইকো অ্যাপারেলের কর্মকর্তা-কর্মচারীরা এনসিসি ব্যাংকের বিশেষায়িত পেরোল ব্যাংকিং অ্যাকাউন্ট, রিটেইল লোন, প্রিমিয়াম কার্ড এবং অগ্রাধিকারভিত্তিক গ্রাহকসেবা গ্রহণের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কর্পোরেট ব্যাংকিংয়ের এসইভিপি ও ক্লাস্টার হেড-৩ মোহাম্মদ তারিকুল আমিন, ইভিপি ও অপারেশনস অ্যান্ড প্রসেস রিইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এ. কে. এম. জাহিদুল আলম, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার, কর্পোরেট ব্যাংকিংয়ের ক্লাস্টার-৩-এর ইউনিট হেড মীর তাজিমুল আরেফিন, ধানমন্ডি শাখার বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ প্রধান মো. কামরুল হাসান দোলন, পেরোল ব্যাংকিং বিভাগের প্রধান এনায়েত আল মামুন এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার লিমন দেবনাথ।
অন্যদিকে টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (কমার্শিয়াল) মো. ফরহাদ তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকার সাভারের বিরুলিয়ায় অবস্থিত শতভাগ রপ্তানিমুখী ওভেন ও টেকনিক্যাল অ্যাপারেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেক্সপ্রো ইকো অ্যাপারেলের সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে তৈরি পোশাক ও টেক্সটাইল রপ্তানি খাতে কর্পোরেট ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন পদক্ষেপ নিল এনসিসি ব্যাংক। পাশাপাশি উন্নত ও মূল্যভিত্তিক আর্থিক সেবা প্রদানের মাধ্যমে দীর্ঘমেয়াদি কর্পোরেট সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যও রয়েছে ব্যাংকটির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.