দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৫ নভেম্বর – ১৯ নভেম্বর) লেনদেন ও প্রধান সূচকে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে আগের সপ্তাহের তুলনায় গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ। একই সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্ট। সেই হিসাবে এক সপ্তাহে সূচকটি বেড়েছে ১ দশমিক ১২ শতাংশ।
এ ছাড়া ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২৬ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি দাঁড়িয়েছে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহ শেষে এ সূচকের অবস্থান দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ দশমিক ৮ পয়েন্টে।
তবে বিপরীত চিত্র দেখা গেছে ডিএসইর এসএমই সূচকে। সপ্তাহের ব্যবধানে সূচকটি ১৯ দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ০৫ শতাংশ কমে ৯২২ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আলোচিত সপ্তাহে লেনদেনের চিত্রেও ছিল ঊর্ধ্বগতি। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ।
পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ টাকা। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকা। একই সময়ে মোট লেনদেনের পরিমাণ মার্কিন ডলারে ২৬ কোটি থেকে বেড়ে ৩২ কোটিতে দাঁড়িয়েছে।
বাজার মূলধনেও সামান্য বৃদ্ধি দেখা গেছে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি টাকা বা ০ দশমিক ৫২ শতাংশ।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে মোট ১২২ কোটি ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার। মোট লেনদেন নিষ্পত্তি বা হাওলার সংখ্যা ৯ লাখ ৮৪ হাজার ৫৯৮ থেকে বেড়ে ১০ লাখ ৫৪ হাজার ৬৭৩টিতে দাঁড়িয়েছে।
বাজারের দরবিস্তারে গত সপ্তাহে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অপরিবর্তিত ছিল ৪০টির এবং কমেছে ১৫৮টির। এ ছাড়া ৬০টি প্রতিষ্ঠানের কোনো শেয়ার বা ইউনিট লেনদেন হয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.