বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ কিছুটা শক্তি হারিয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার গোপালপুরের কাছে উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি কিছুটা কমলেও উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এটি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতাসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে বয়ে আসা এসব ঝোড়ো হাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট জেলাগুলোতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ওই ১০ জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.