ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহায়তা চান না ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চীন কিংবা রাশিয়ার সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের নৌ ও বিমানবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতাও আগের তুলনায় অনেক কমে এসেছে। তবে ইরানের সঙ্গে কোনো সমঝোতা হলে তা দীর্ঘস্থায়ী হতে হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার চীনের শেনজেনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় কমে ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। ইরান এখন চুক্তি করতে আগ্রহী হলেও ওয়াশিংটন এমন সমঝোতা চায়, যা দীর্ঘস্থায়ী হবে। হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেন তিনি। বলেন, দেশ দুটি ভালো আচরণ করেছে এবং হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠায়নি।

শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা একসঙ্গে কাজ করেন। তবে এই সম্পর্ক তৈরি হওয়ার পেছনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, জ্বালানি ইস্যুতে চীন ও রাশিয়া কাছাকাছি এসেছে।

এদিকে, ওয়াশিংটনে ইরানের ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরান গ্যাস ও জৈব অস্ত্র নিয়ে ভাবছে—এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলা হলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের সামরিক ঘাঁটিতে বসবাসের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এর সঙ্গে ইরান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে অচলাবস্থা তৈরি হয়। জুলাই থেকে বিভিন্ন সময়ে আবারও সংঘর্ষে জড়ায় দুই দেশ। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেল ও গ্যাসের দাম।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.