রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। তবে একই মামলার অপর আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ মোট চারজনকে আসামি করা হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টির চেষ্টা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পরবর্তী সময়ে এ মামলায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসসহ কয়েকজন। সেখান থেকে আয়াস ও তাঁর সঙ্গীদের আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.