দেশের বাজারে আবারও কমল সোনার দাম, কমেছে রুপার দামও

দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে। নতুন এ দাম বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.