যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সব বাংলাদেশিকে দেশটি থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
গত সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর বাইরে এ সংঘর্ষ ঘটে। সেখানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
ঘটনার পর এক্সে দেওয়া পোস্টে রুপার্ট লো লেখেন, এনসিপি ও আওয়ামী লীগের মধ্যকার রাজনৈতিক বিরোধে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি পুরুষেরা মারামারি করছেন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার দাবি জানান।
এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি বলেন, রমফোর্ডের রাস্তায় সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে বহিষ্কার করা হবে।
রুপার্ট লো যুক্তরাজ্যের গ্রেট ইয়ারমাউথ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং রিস্টোর ব্রিটেন দলের নেতা। অভিবাসন নিয়ন্ত্রণ, অভিবাসী বহিষ্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার তাঁর দলের রাজনৈতিক কর্মসূচির অন্যতম বিষয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.