মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। দেশটিতে যেতে আগ্রহী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) থেকে মালয়েশিয়ার জন্য নির্ধারিত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির নিয়ন্ত্রণে বা অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন। এ ছাড়া কোনো এজেন্সি কর্মীকে মেডিকেল স্লিপ দেওয়ার পর তিনি অন্য কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তার মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি গ্রহণ করা হবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

মেডিকেল পরীক্ষা ঘিরে অতিরিক্ত অর্থ আদায় ও কর্মীদের হয়রানি বন্ধেও কঠোর অবস্থান নিয়েছে মন্ত্রণালয়। কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দাবি করলে কিংবা স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে কোনো কর্মী হয়রানি বা অযথা বিলম্বের শিকার হলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে। এ ধরনের অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের নির্ধারিত ই-মেইল ঠিকানা secretary@probashi.gov.bd-তে যোগাযোগ করতে পারবেন ভুক্তভোগীরা।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, মাইগ্রামস স্লিপ সংগ্রহের জন্য কর্মীদের কোনো ফি দিতে হবে না। স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে অনিয়ম রোধ এবং কর্মীদের ভোগান্তি কমাতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.