থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। তবে এদের মধ্যে কোনও পর্যটকের হতাহতের খবর পাওয়া যয়িনি।
সোমবার (১৬ নভেম্বর) মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর নিশ্চিত করে।
থাই কর্তৃপক্ষ বলেন, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের মধ্যে কোনও পর্যটক নেই বলে জানিয়েছে থাই পুলিশ ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে কাঠু জেলার ফাং মুয়াং সাই কোর সড়কের গাড়ি ভাড়ার ব্যবসা পরিচালিত হতো এমন একটি ভবনে আগুন লাগে। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘন ধোঁয়ার কারণে বাসিন্দারা ভবনের ওপরের তলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেও বের হতে পারেননি।
খবর পেয়ে পাতং পৌরসভার দুর্যোগ মোকাবিলা ইউনিট এবং কুসোলধর্ম ফুকেট ফাউন্ডেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাছের একটি বিদ্যুতের খুঁটি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কর্মকর্তারা এখনও এ কারণ নিশ্চিত করেননি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.