দেশে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক কার্যক্রম সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলায় নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় স্থাপন করা হবে ‘মাতামুহুরী থানা’।
এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন পৌরসভা হিসেবে অনুমোদন পেয়েছে বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর। অর্থাৎ, বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠিত হবে।
অন্যদিকে, ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও নিয়েছে নিকার। লক্ষ্মীপুরের নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর আগে মটবী ও চরচামিতা মৌজায় স্থাপনের প্রস্তাব ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে সদর দপ্তর।
এ ছাড়া কুমিল্লার নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.