বায়ুদূষণে আজও তৃতীয় অবস্থানে রাজধানী ঢাকা

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। এর মধ্যে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সোমবার (১৬ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার বায়ুমান স্কোর ২০৮। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান স্কোর ৩০৬, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির বায়ুমান স্কোর ২৫৫। তৃতীয় স্থানে থাকা ঢাকার স্কোর ২০৮। এ ছাড়া ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইরানের তেহরান।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক (একিউআই) নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ভিত্তিতে। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে প্রতিবছর বায়ুদূষণের কারণে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.