বিশ্ব প্রিম্যাচিওরিটি দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকা আজ (১৫ নভেম্বর) এক পেশেন্ট ফোরাম আয়োজন করেছে। এ বছরে প্রতিপাদ্য ‘ছোট্ট শিশু, বিশাল সম্ভাবনা’কে সামনে রেখে পেশেন্ট ফোরামে প্রিম্যাচিওর শিশু জন্মের কারণ, মা ও শিশুর যত্ন এবং ঝুঁকি থেকে উত্তরণের পন্থা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
নির্দিষ্ট সময়ের আগে (৩৭তম সপ্তাহ শুরুর আগে) জন্ম নেওয়া শিশুদের প্রিম্যাচিওর শিশু বলা হয়। এদের সবচেয়ে সাধারণ বৈশিষ্ট হল কম ওজনের সাথে জন্মানো। যদিও এর নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত অজানা, তবে গর্ভাবস্থায় মা যেসব স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হন, তার ওপর শিশুর প্রিম্যাচিওরিটি কিছুটা নির্ভর করে। এছাড়া শিশুর জন্মগত বিভিন্ন ত্রুটি, জমজ বা একাধিক শিশু থাকলে প্রিম্যাচিওর শিশুর জন্ম হতে পারে। এই সমস্যা থেকে উত্তরণে ও জনমনে সচেতনতা বৃদ্ধি করতেই মূলত এই আয়োজন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পেশেন্ট ফোরামে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ; এভারকেয়ার হসপিটাল ঢাকার পেডিয়াট্রিক ও নিউনেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও নিউনেটোলজি বিভাগের কো-অরডিনেটর ডা. আবু সাইদ মোহাম্মদ ইকবাল; সিনিয়র কনসালটেন্ট ডা. নুসরাত ফারুক; প্রমুখ অংশগ্রহণ করেন। সে সময় প্রিম্যাচিওর শিশুর জন্ম সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় এবং গর্ভবতী নারীদের প্রতি সবাইকে আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিশুমৃত্যুর হার কমাতে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বা এনআইসিইউ সেবা গ্রহণের এবং শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, মায়ের গর্ভে শিশু যে নিরাপদ পরিবেশ পায়, সেটি সময়ের আগে জন্ম নিলে তারা হঠাৎ হারিয়ে ফেলে। এক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট, যার কাজ সেই নিরাপদ পরিবেশ যতটা সম্ভব শিশুকে ফিরিয়ে দেওয়া। সঠিক তাপমাত্রা, শ্বাস নিতে সহায়তা ও প্রতি মুহূর্তের নজরদারির মাধ্যমে এই ইউনিট শিশুর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করে। কিন্তু কেবল যন্ত্রই যথেষ্ট নয়, যন্ত্রের পেছনে প্রশিক্ষিত একটি টিম ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতিই পারে একটি প্রিম্যাচিওর শিশুকে সবচেয়ে বেশি সুরক্ষিত রাখতে। এভারকেয়ার হসপিটাল ঢাকায় আমাদের চেষ্টাও সেটিই থাকে।
পেডিয়াট্রিক বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও নিউনেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অরডিনেটর ডা. আবু সাইদ মোহাম্মদ ইকবাল বলেন, একটি শিশু সময়ের আগেই পৃথিবীতে আসা মানে প্রথম নিঃশ্বাস থেকেই তার লড়াই শুরু হয়ে যায়। তবে সেই লড়াইয়ে শিশুটি বা তার পরিবার যেন একা না হয়ে পড়ে সেটিই আমাদের দায়িত্ব। আকারে বা ওজনে ছোট হলেও এই শিশুদের সম্ভাবনা আকাশ ছোঁয়া। তাই বিশ্ব প্রিম্যাচিওরিটি দিবসে আমরা আবারও শিশুদের সর্বোচ্চ যত্ন নিশ্চিতের এবং প্রতিটি পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানাচ্ছি।
এভারকেয়ার হসপিটাল ঢাকার পেডিয়াট্রিক ও নিউনেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. নুসরাত ফারুক বলেন, সময়ের আগে সন্তান প্রসব নিলে অনেকেই মা-কে, এমনকি মা নিজেই নিজেকে দোষ দেন। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এক্ষেত্রে মায়েদের কোন দোষ থাকে না। প্রিম্যাচিওর শিশু জন্মের পেছনে অনেক কারণ থাকতে পারে, যার বেশিরভাগই আমাদের অজানা এবং নিয়ন্ত্রণের বাইরে। এই অবস্থায় শিশুর সবচেয়ে বড় শক্তি মা নিজেই। তাই ভ্রান্ত ধারণায় সময় নষ্ট না করে শিশুর যথাযথ যন্ত নিন এবং প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শ নিন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.