প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা সরকারের

আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে সরাসরি অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থায়নের উৎস বাড়ানো এবং বৈদেশিক ঋণের বিকল্প ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। এর আগে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।

অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি বলেন, বেসরকারি খাত এত দিন মূলত ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তারা পুঁজিবাজারে যায়নি, বন্ডও ছাড়েনি। ফলে ব্যাংকগুলোর ওপর ঋণের চাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্য রয়েছে সরকারের। এ ক্ষেত্রে নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারকে বিবেচনায় রাখা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে কত পরিমাণ বন্ড ছাড়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, শুধু স্থানীয় বাজার থেকে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে উন্নয়ন প্রকল্পের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করা সম্ভব নয়। এ কারণে আন্তর্জাতিক বাজারসহ অর্থায়নের বিকল্প উৎসগুলো কাজে লাগানো প্রয়োজন।

দেশি-বিদেশি পুঁজি সংগ্রহে সরকারের পরিকল্পনায় থাকা কয়েকটি অর্থায়ন উপকরণের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ছি এবং হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড চালু করছি। পরবর্তী সময়ে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ছাড়ব।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.