বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত চলা এ সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮) । তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন নির্বাচনের সামনে ওই দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বর্তমানে সেখানকার শান্ত পরিবেশ বিরাজ করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.