হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। নিহত তিন জনই কাভার্ডভ্যানে ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার নোয়াপাড়া এলাকার কাউছারনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে জসিম মিয়া, শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শব্দকরের ছেলে রিপন ও মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনউদ্দিন মিয়ার ছেলে মজনু মিয়া।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ডাক ও পার্সেল পরিবহনের কাজে ব্যবহৃত বাংলাদেশ ডাক বিভাগের একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক জসিম মিয়া, মজনু মিয়া ও রিপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান জানান, একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে তিন জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.