ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটনের নিজ বাসভবন থেকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, দেশটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্র আরও গুরুতর পর্যায়ে পৌঁছেছে। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির প্রকৃত মাত্রা এখনো স্পষ্ট নয়।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সও জানিয়েছে, বেসেন্টের নিরাপত্তা নিয়ে হুমকির বিষয়টি সামনে এসেছে। তবে এর বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মার্কিন অর্থমন্ত্রী হিসেবে বেসেন্ট ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত আগস্টে ট্রাম্প প্রশাসন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে যে কর্মসূচি শুরু করে, তার নেতৃত্বে রয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা ও বিভিন্ন আর্থিক পদক্ষেপের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এই কর্মসূচির লক্ষ্য। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগে বেসেন্টের ভূমিকার কারণে তিনি ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
এদিকে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে তিন ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগও রয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যরা অবস্থান করছিলেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, মার্কিন সেনাসদস্যদের অবস্থান করা সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করলে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে।
এর আগে গত অক্টোবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দাবি করেছিলেন, ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। ওই ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ অভিযোগ প্রত্যাখ্যান করেন।
এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তার ভাষায়, ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত রাখার বিষয়ে এসব দেশের আগ্রহ রয়েছে। একই সঙ্গে সংঘাতের অবসানের দিকে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার যুদ্ধের অবসান ঘোষণা না করার কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে চান তিনি। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানও প্রয়োজন বলে উল্লেখ করেন।
তবে ইরানের কর্মকর্তারা আলোচনার অগ্রগতির দাবি নাকচ করেছেন। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি বলেছেন, আলোচনা চলছে—এমন বক্তব্যের উদ্দেশ্য অর্থনৈতিক চাপ কমানো এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখা।
এদিকে বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রায় ৮৬ ডলারে পৌঁছায়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.