রমজানে মূল্যবৃদ্ধি ঠেকাতে ১০ খাদ্যপণ্য আমদানিতে ঋণসুবিধা

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাজারদর সহনীয় রাখতে ১০ ধরনের খাদ্যপণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় আমদানিকারকরা এখন পণ্য এনে পরে মূল্য পরিশোধ করতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

নির্দেশনা মতে, চাল, গম, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ বা ক্রেতার ঋণের মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকরা পণ্য আমদানির সময় পুরো মূল্য পরিশোধ না করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করতে পারবেন।

সার্কুলারে আরও বলা হয়, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। এ বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.