২০২৭ সালে হজ করতে পারবেন ৮৩৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

সৌদি আরবের জেদ্দায় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি সম্পাদন শেষে ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের হজের কোটা আরও ৫,০০০ বৃদ্ধি করেন। এর ফলে ২০২৭ সালের জন্য মোট কোটা দাঁড়ালো ৮৩ হাজার ৫০০ জনে।

দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে তিনি আরও জানান, হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন যে অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারে কিংবা কোনো দেশের কোটা বাতিল হয়, তবে সে কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনা করা হবে।

তিনি বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের প্রজ্ঞাপূর্ণ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

একই সাথে হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহায়তার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী। মহান আল্লাহর মেহমানদের সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ বাংলাদেশ এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত বছরে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.