ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশে একটি গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এক ব্যক্তি। দুপুরের খাবার শেষে পাশের গাড়িটির চালক দরজা খুলতে গেলে সেখানে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তাদের দাবি, দুপুর ১টা থেকে ২টার মধ্যে সেখানে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। ভবনের ওপরের দিক থেকে ককটেল ছোড়া হয়েছে বলেও দাবি করেছেন কয়েকজন।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.