গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, যুবদলের কার্যালয় ভাঙচুর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালায় তারা।

জানা যায়, মঙ্গলবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া-পাটগাতী সড়কে অবস্থান নেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পাটগাতীতে অবস্থিত উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষ ও ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, সকালে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া-পাটগাতী সড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.