নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডে ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ও আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন। সব মিলিয়ে ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে। খবর পেয়ে কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বই ও আসবাবপত্র পুড়তে শুরু করে। একপর্যায়ে পুরো কক্ষ ধোঁয়ায় ভরে যায়। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদ (১৭)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদ্রাসা থেকে ৪৮ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদেরও গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে লাইব্রেরির বই ও মূল্যবান আসবাবপত্র পুড়ে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.