পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু ডিসেম্বরের পর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম শুরু হবে ৩১ ডিসেম্বরের পর। এইচএসসির মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তিনি বলেন, আজ সকালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। অন্যদিকে, মানোন্নয়ন পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করেছে, তাদেরও নতুন সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয় করতে হবে।

অধ্যাপক মামুন বলেন, মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও তাতে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় পান, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইউজিসির সদস্য এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.