মঙ্গলবার তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন দ্বিপক্ষীয় বৈঠক

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত সেপ্টেম্বরে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর করেন তারেক রহমান। ওই সফরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গেও তাঁর বৈঠক হয়। এরদোয়ানের সঙ্গে আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।

যুক্তরাষ্ট্র সফর শেষে গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে যান তারেক রহমান। ২৯ অক্টোবর দেশে ফেরেন তিনি। ওই সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.