শ্রমিক অসন্তোষ ঘিরে তিন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তিন জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুরে দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁদের মোতায়েন করা হয়েছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু রয়েছে। এ সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.