ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বক্তব্য ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি দাবি করেছেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশের পর এ প্রতিক্রিয়া জানান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’
এর আগে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা যায়।
চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে এসব নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ হাইকমিশনের প্রতি অনুরোধ জানান তাঁরা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.