মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দেশটির গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় এ দুর্ঘটনা ঘটে। কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে দুর্ঘটনাস্থলটির অবস্থান। মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানিয়েছে।
পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটির একটি রাজধানী কায়রো থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। অন্যটি আসওয়ান প্রদেশের উদ্দেশে যাত্রা করেছিল। একই লাইনে একই দিকে চলার সময় আসওয়ানগামী ট্রেনটি ফায়ুমগামী ট্রেনের পেছনের অংশে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়ের তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষের কারণেই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিতে দেখেছেন। এ ছাড়া স্থির অবস্থায় থাকা একটি ট্রেনের বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। পরে উদ্ধারকারীরা তাঁদের মৃত অবস্থায় পান।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।
এদিকে, মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠিয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
মিসরে রেল দুর্ঘটনা নতুন নয়। দেশটির রেল ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দুর্বলতা নিয়ে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এ খাত আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। গত সেপ্টেম্বরে একই আল-আইয়াত জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।
দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে। সে সময় কায়রো থেকে দক্ষিণাঞ্চলের দিকে যাওয়া একটি নৈশ ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.