২০২৭ সালের ছুটির তালিকা চূড়ান্ত, সাপ্তাহিক ছুটিতে পড়েছে ৭ দিন

আগামী বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট ২৯ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। তবে এর মধ্যে সাত দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের ছুটির তালিকা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের তিন দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।

এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে তালিকাটি চূড়ান্ত করা হয়।

ধর্মীয় উৎসবগুলোর মধ্যে আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিন এবং ঈদের দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে। অন্যদিকে ঈদুল আজহায় ঈদের আগে দুই দিন, ঈদের দিন এবং পরে তিন দিন ছুটি রাখা হয়েছে।

সাধারণ ছুটির তালিকায় রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জামাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি, ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধপূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।

এ ছাড়া নির্বাহী আদেশে ২৪ জানুয়ারি শবে বরাত, ৭ মার্চ শবে কদর, ৮ ও ৯ মার্চ এবং ১১ ও ১২ মার্চ ঈদুল ফিতরের আগে-পরে চার দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৫ ও ১৬ মে ঈদুল আজহার আগে দুই দিন এবং ১৮ থেকে ২০ মে ঈদুল আজহার পরের তিন দিন ছুটি থাকবে। ১৬ জুন আশুরা এবং ৯ অক্টোবর দুর্গাপূজার মহানবমী উপলক্ষেও ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির দিনও উল্লেখ করা হয়েছে। এসব ছুটি সংশ্লিষ্ট ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে ভোগ করা যাবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.