আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবান যোদ্ধাদের একাধিক সেনা চৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। শুক্রবার (৩০ অক্টোবর) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার এলাকা থেকে এসব হামলা চালানো হয়।
পাকিস্তানের সেনাবাহিনীর একটি সূত্রের দাবি, গত বুধবার আফগান সেনারা কোনো উস্কানি ছাড়াই আঙ্গুর আড্ডা এলাকায় গুলি ছোড়ে। এর জবাবে শুক্রবার আফগান বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানের সেনারা।
পাকিস্তানি সেনা সূত্রের দাবি, হামলার সময় আফগান সেনারা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
গত বুধবার আঙ্গুর আড্ডায় আফগান সেনাদের গুলিতে একজন নিহত এবং একই পরিবারের কয়েকজন আহত হন বলে জানা গেছে। ওই দিনই এর জবাবে পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। শুক্রবার নতুন করে হামলা চালানো হলো।
দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই বুধবার আঙ্গুর আড্ডা বাজারে গুলি চালায় আফগান সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটে।
সীমান্তের ওই এলাকায় কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। ধারাবাহিক হামলা ও পাল্টা হামলার ঘটনা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.