হামাস যোদ্ধাদের হত্যার আগে ফোন করছে ইসরায়েলি গোয়েন্দারা, পরিবারের নিরাপত্তার প্রস্তাব

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালানোর আগে ফোন করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত। ফোনে যোদ্ধাদের সামনে দুটি বিকল্প তুলে ধরা হচ্ছে—নিজে একা নিহত হওয়া অথবা পরিবারের সদস্যদের সঙ্গে প্রাণ হারানো। সৌদি সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াতের এক প্রতিবেদনে শুক্রবার (৩০ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আল-বায়ুক নামের এক হামাস যোদ্ধাকে ফোন করে হত্যার হুমকি দেয় শিন বেত। এ সময় তাঁকে জানানো হয়, পরিবারের সদস্যদের বাঁচাতে চাইলে বাড়ির ছাদে গিয়ে দাঁড়াতে হবে। অন্যথায় বাড়ির ভেতরে হামলা চালানো হবে, যাতে পরিবারের অন্য সদস্যরাও প্রাণ হারাতে পারেন।

পরিবারের সদস্যদের জীবন রক্ষায় আল-বায়ুক বাড়ির ছাদে গিয়ে দাঁড়ান। পরে সেখানে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।

পরিবারকে বাঁচাতে প্রাণ দিলেন আল-বায়ুক

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার নিজ বাড়িতে অবস্থানকালে আল-বায়ুকের কাছে ফোন আসে শিন বেতের পক্ষ থেকে। পরিবারের অন্য সদস্যদের বাঁচানোর আশায় তিনি নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এবং বাড়ির ছাদে চলে যান।

এ সময় তাঁর এক আন্টি তাঁকে ছাদে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ইসরায়েলি হামলায় তিনিও গুরুতর আহত হন বলে পরিবারের এক সদস্য জানিয়েছেন।

এ পর্যন্ত পাঁচটি ঘটনার তথ্য

সৌদি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এ ধরনের পাঁচটি ঘটনার তথ্য পাওয়া গেছে। প্রতিটি ঘটনায় হামাস যোদ্ধাদের হত্যার আগে ফোন করে তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিনিময়ে নিজেদের আলাদা অবস্থানে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন স্থানে হামাসের হামলার পর থেকে গোষ্ঠীটির সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক সামরিক অভিযান ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েল। এসব অভিযানে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.