স্বাস্থ্যখাতে বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আনা ১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি বোর্ড, এখন সেগুলো বিক্রি করে বাদাম কিনে খেতে হবে। একজন চিকিৎসককেও প্রশিক্ষিত করেনি। পর্যাপ্ত পরিমাণ নার্স নেয়নি। শয্যা সংখ্যা বৃদ্ধি করেনি। লোকবল না থাকা সত্ত্বেও টাকা মারার জন্য মেশিন এনেছে। লোকবল নাই, সেই মেশিন ফেলে রেখেছে।
বুধবার জেলার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। কসবা ও আখাউড়া উপজেলার দরিদ্র জনগোষ্ঠির জন্য শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মোবাইল হেলথ ক্লিনিক চালু করা হয়েছে। এ উপলক্ষে কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা এখন রেডিওথেরাপির মেশিন আনছি। এজন্য লোকবল আগেই প্রস্তুত করে ফেলেছি৷ কিন্তু তারা (আওয়ামী লীগ) সেটা করেনি। খুলনায় ফেলে রেখেছে ১৮ কোটি টাকার মেশিন। বাংকার ছাড়া এমআরআই হয় না। বাংকার নাই, অথচ মেশিন এনেছে টাকা খাওয়ার জন্য।
তিনি আরও বলেন, আমরা উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। শয্যা সংখ্যা বৃদ্ধি করছি। প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কার্যক্রম গ্রহণ করছি। আমরা ডায়ালাইসিস মেশিন বৃদ্ধি করছি। সব পর্যায়ে আমরা একটু-একটু করে এগিয়ে যাচ্ছি। জনবল প্রস্তুত করছি, আর সেবার পরিধি বাড়াচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ড. মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.