পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা এবং তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংকের মোট ২ হাজার কোটি টাকার দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। এর আওতায় সবুজ শিল্প ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের জন্য ঋণ সুবিধা দেবে ব্যাংকটি।
বুধবার (২৮ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত দুটি পৃথক চুক্তি সই হয়। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক এ কে এম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির একটি বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি পুনঃঅর্থায়ন স্কিম’। এ তহবিল থেকে পরিবেশবান্ধব কারখানা নির্মাণ ও সবুজ শিল্প স্থাপনে অর্থায়ন করা হবে। এর লক্ষ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা এবং উৎপাদনব্যবস্থার দক্ষতা বাড়াতে বিনিয়োগে সহায়তা করা।
অন্য চুক্তিটি ১ হাজার কোটি টাকার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নবিষয়ক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় করা হয়েছে। এ সুবিধায় সফটওয়্যার উন্নয়ন, ইন্টারনেট অব থিংস, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ই-কমার্সসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর পণ্য ও সেবার সঙ্গে যুক্ত যোগ্য প্রতিষ্ঠান অর্থায়ন পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার উসমান রাশেদ মুঈন এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের প্রধান তাহমিনা জামান খানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দুটি স্কিমের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়ার সুযোগ পাবে এমটিবি। এতে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, সম্পদের কার্যকর ব্যবহার, আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং প্রযুক্তিভিত্তিক পণ্য ও সেবার সম্প্রসারণে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.