ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্ক থাকলেও নিজেদের ইচ্ছা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা একটি বড় চ্যালেঞ্জ। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে রাশিয়াসহ অন্য দেশগুলোর সঙ্গে কাজ করছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের অষ্টম সম্মেলনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছান পেজেশকিয়ান।
মস্কোর ভনুকোভো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি জোরদার হয়েছে। দুই দেশের সম্পর্ক এখন আর শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ নেই। দুই দেশ এরই মধ্যে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এখন সেই চুক্তির সব বিষয় বাস্তবায়নে কাজ চলছে।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, নিরাপত্তা ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের অষ্টম শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরও কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করার কথা রয়েছে ইরানের প্রেসিডেন্টের।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.