তারকাসমৃদ্ধ দল নিয়ে ডি-থ্রি ট্রফির শিরোপা জিততে চায় ওয়ালটন

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ও সম্ভাবনাময় তরুণদের নিয়ে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে ওয়ালটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় দলটি। আইকন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্কোয়াডে রয়েছেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, নাসুম আহমেদ ও রনি তালুকদারের মতো পরিচিত মুখ।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত খেলোয়াড় নিলামের মাধ্যমে নিজেদের দল চূড়ান্ত করে ওয়ালটনসহ ছয় ফ্র্যাঞ্চাইজি। টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটকে এক প্রতিযোগিতার আওতায় আনতে ডি-থ্রি ট্রফির আয়োজন করেছে বিসিবি। তিন সংস্করণের এই আসরে ভালো করতে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়কে গুরুত্ব দিয়েছে ওয়ালটন।

সকাল ১০টায় শুরু হয়ে প্রায় আট ঘণ্টা ধরে চলে নিলাম। ভারতের অভিজ্ঞ নিলাম পরিচালনাকারী চারু শর্মার সঞ্চালনায় ২৬৯ জন ক্রিকেটারকে নিয়ে হয় এই আয়োজন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলাম থেকে আরও ২২ জন খেলোয়াড় বেছে নেয়। এতে প্রতিটি দলের স্কোয়াডে স্থান পেয়েছেন ২৩ জন ক্রিকেটার।

ওয়ালটনের নিলামে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাঁকে পেতে ফ্র্যাঞ্চাইজিটি ব্যয় করেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে ১ কোটি ৫৫ লাখ এবং টেস্টে অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে তারা।

এ ছাড়া স্পিনার নাসুম আহমেদের জন্য ৬৯ লাখ, তরুণ ক্রিকেটার আরিফুল ইসলামের জন্য ৬২ লাখ, পেসার ইকবাল হাসান ইমনের জন্য ৬৬ লাখ এবং অলরাউন্ডার সামিউন বাসির রাতুলের জন্য ৫৪ লাখ পয়েন্ট খরচ করেছে ওয়ালটন। অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ এবং রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে দলটি। হাবিবুর রহমান সোহান ও রেজাউর রহমান রাজাকে নেওয়া হয়েছে ৩২ লাখ পয়েন্ট করে।

ওয়ালটনের দল গঠনে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য রাখার চেষ্টা দেখা গেছে। মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, লিটনের ব্যাটিং এবং তাসকিনের গতিময় পেস আক্রমণের পাশাপাশি মুমিনুলের অভিজ্ঞতা দলটির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। নাসুমের স্পিন ও তরুণ ক্রিকেটারদের সামর্থ্যও তিন সংস্করণের প্রতিযোগিতায় কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে স্কোয়াড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, নিলামের কাঠামোর কারণে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরই তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়ার সুযোগ ছিল। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী দল সাজিয়েছে।

নিলামে ওয়ালটনের প্রতিনিধিত্ব করেন চিত্রনায়ক আমিন খান। দল গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, শিরোপা জয়ের প্রত্যাশা নিয়েই প্রতিযোগিতায় অংশ নেবে ওয়ালটন। খেলোয়াড়দের সামর্থ্য এবং অভিজ্ঞ কোচের নির্দেশনায় দলটি ভালো পারফরম্যান্স করবে বলে আশাবাদী তিনি।

আমিন খান বলেন, “সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।”

দলে মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাসের মতো অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা ক্রিকেটার থাকলেও এখনো নেতৃত্বের দায়িত্ব কার হাতে যাবে, তা নির্ধারণ করা হয়নি। কোচ আবদুর রাজ্জাক জানিয়েছেন, দলের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করেই অধিনায়ক নির্বাচন করা হবে।

নতুন দায়িত্ব উপভোগ করছেন জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা, মাঠের কাছাকাছি থেকে সময় কাটানো এবং খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুযোগ তাঁর ভালো লাগছে। তবে ব্যক্তিগত আনন্দের চেয়ে দায়িত্ব সঠিকভাবে পালন ও দলকে ভালো ফল এনে দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটে নিজেদের সক্ষমতা প্রমাণের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে ওয়ালটন। অভিজ্ঞ ক্রিকেটারদের নেতৃত্ব, তরুণদের উদ্যম এবং কোচিং স্টাফের পরিকল্পনা কাজে লাগিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায় দলটি। এখন মাঠের পারফরম্যান্সের মধ্য দিয়ে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করাই তাদের মূল চ্যালেঞ্জ।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.