তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, ১৯ অক্টোবর থেকে কমতে পারে তাপমাত্রা

দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ দিনের বেশির ভাগ সময় দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শুরুতে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ১৯ অক্টোবর থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (১৭ অক্টোবর) ও রোববার (১৮ অক্টোবর) আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এ দুই দিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) থেকে তাপমাত্রা কমার আভাস রয়েছে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এ সময়ও দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও তাপমাত্রা কমার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.