এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে এনআরবিসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কিশোরগঞ্জের একটি হোটেলে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও প্রশিক্ষণ প্রকল্পের উপপরিচালক আইয়ুব আলী এবং এনআরবিসি ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক ও প্রশিক্ষণের সমন্বয়কারী এ টি এম মাসুদুল হক।
গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে ২৬ জন স্থানীয় উদ্যোক্তা অংশ নেন।
অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং তাঁদের সফলভাবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংক এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে অংশ নেওয়া উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক আইয়ুব আলী বলেন, দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির আওতায় কিশোরগঞ্জে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া ব্যক্তিরা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন।
তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ নয়, উদ্যোক্তাদের উদ্যোগ বাস্তবায়নে পুনঃঅর্থায়ন তহবিলের মাধ্যমে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক। সরকার ঘোষিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা জানান, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এ প্রশিক্ষণে সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবিলার করণীয় সম্পর্কে তাঁরা জানতে পেরেছেন। তাঁরা উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন। নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকারও করেন তাঁরা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.