চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে দীর্ঘ ৩০ ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখার পর অবশেষে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম সশরীরে চুয়েট ক্যাম্পাসে পৌঁছে উপাচার্যকে উদ্ধার করে নিয়ে আসেন।
তবে চুয়েট ক্যাম্পাস ছাড়তে উপাচার্যকে একটি শর্ত দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের নিচে তাকে নামিয়ে আনার পর মাইক হাতে এক শিক্ষার্থী ঘোষণা দেন, ‘ভিসিকে আমরা ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছি একটি মাত্র শর্তে, সেটি হলো তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।’
এ সময় ওই শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক ও চট্টগ্রামের পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পরে পুলিশি নিরাপত্তায় উপাচার্যকে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ সময় শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
উদ্ধার অভিযানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, ‘একজন সম্মানিত শিক্ষক আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন এবং অসুস্থতার কারণে চিকিৎসার জন্য অনুরোধ জানিয়েছেন। আমরা তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি এবং দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
বিশ্ববিদ্যালয় ও আন্দোলনরত শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে গত সোমবার সকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য বহিরাগত লোকজনকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বেলা ১২টার দিকে ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অবরুদ্ধ করে রাখেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় তারা আরও কঠোর আন্দোলনের হুমকি দেন। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলা এই দীর্ঘ আন্দোলনের ফলে চুয়েটে গত কয়েক সপ্তাহ ধরে ক্লাস-পরীক্ষা বর্জনসহ তীব্র অচলাবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে ক্যাম্পাসে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.