প্রবাসীদের সুরক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষা এবং বিদেশে থাকা অবস্থায় বিভিন্ন সংকট মোকাবিলায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। এ আদালতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও মামলা পরিচালনার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের কর্মীরা তাদের শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না। এর অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। এ সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা, সংকট ও মামলা পরিচালনার জন্য একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ আদালত প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় কাজ করবে।

আইনমন্ত্রী জানান, বিশেষ আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগোবে বলে আশা করছে সরকার।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.