যুদ্ধ বন্ধের চুক্তি চান পুতিন-জেলেনস্কি, দাবি ট্রাম্পের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে চান বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কীভাবে সেই চুক্তিতে পৌঁছাতে হবে, তা দুই নেতা জানেন না বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের মতে, যুদ্ধের অবসান ঘটাতে পুতিন ও জেলেনস্কিকে একসঙ্গে বসে সমাধান খুঁজতে হবে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) হোয়াইট হাউস থেকে ওহাইও যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, “আমি শুধু এটুকুই জানি, জেলেনস্কি ও পুতিনকে একসঙ্গে বসে এই হাস্যকর যুদ্ধ বন্ধ করতে হবে।” চলতি মাসে যুদ্ধে ৩২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন দাবি করে ট্রাম্প বলেন, দুই নেতার আলোচনার মাধ্যমে এ সংঘাতের সমাধান হওয়া প্রয়োজন।

এর আগে রোববার ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের দেওয়া এ প্রস্তাবের বিষয়ে পুতিন সম্মত হয়েছেন কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তার বিশ্বাস, দুই নেতাই এ ব্যবস্থার পক্ষে।

ট্রাম্প বলেন, “আমার মনে হয়, তারা দুজনই এতে সমর্থন দিচ্ছেন। আমার মনে হয়, তারা একটি চুক্তিতে পৌঁছাতে চান, কিন্তু কীভাবে তা করতে হবে, তা জানেন না। তবে আমরা তাদের চুক্তিতে পৌঁছাতে বাধ্য করব।”

তবে রাশিয়া ও ইউক্রেন প্রকাশ্যে যুদ্ধবিরতির বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে বলে এক সাংবাদিক উল্লেখ করেন। জবাবে ট্রাম্প দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে নিজের দাবিতে অনড় থাকেন। তিনি বলেন, “তারা সম্মত হয়েছে। জানেন কেন? কারণ, আমি বলেছি, ‘তোমরা সম্মত হয়েছ’—এ কারণেই। আমি বলেছি তারা সম্মত হয়েছে, তাই তারা সম্মত হয়েছে। আর বিষয়টির নিষ্পত্তি করতেই হবে।”

যুদ্ধ বন্ধে দুই নেতার আগ্রহ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, তার ধারণা, জেলেনস্কির তুলনায় পুতিনই চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.