কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর বা পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর সীমান্তের ঠোটাপাড়া বিওপির আওতাধীন ১৫৩/৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পুশইনের শিকার চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা ওই চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বাধা দেন। পরে সকাল ৮টার দিকে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.