সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। নিহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন নাগরিক রয়েছেন। এ ছাড়া বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিকও প্রাণ হারিয়েছেন।
হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি। তাঁর দাবি, ইয়েমেনে সামরিক অভিযান এবং অবকাঠামো ধ্বংসের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.