বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে জাপানের টয়োটা। ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (এইচইভি) উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু করে ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ পরিকল্পনার কথা জানায়।
বৈঠকে টয়োটার প্রতিনিধিরা জানান, ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’—এই উন্নয়ন দর্শনকে সামনে রেখে দেশে এইচইভি উৎপাদন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দীর্ঘমেয়াদি কার্যক্রমের পরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন টয়োটার প্রতিনিধিরা।
টয়োটার বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করার কথাও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশে নিজেদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছে টয়োটা। বর্তমানে চলমান এ পরিকল্পনার আওতায় দেশের সব বিভাগীয় পর্যায়ে টয়োটার সেবা ও কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মানবসম্পদ উন্নয়নেও বাংলাদেশে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি। বিশেষ করে তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী জনবল তৈরিতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.