চীন-যুক্তরাষ্ট্রের বাজারে ধাক্কা, টানা দ্বিতীয় মাসে কমল টয়োটার গাড়ি বিক্রি ও উৎপাদন

বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা টয়োটার বৈশ্বিক বিক্রি ও উৎপাদন আগস্টেও কমেছে। চীন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বাজারে দুর্বল চাহিদার প্রভাবে টানা দ্বিতীয় মাসের মতো প্রতিষ্ঠানটির বিক্রি ও উৎপাদনে পতন হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত টয়োটার পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৭৪৩টি। গত বছরের একই মাসের তুলনায় এ সংখ্যা ৬ দশমিক ৪ শতাংশ কম। একই সময়ে উৎপাদনও ৫ দশমিক ৯ শতাংশ কমে ৭ লাখ ৮৬০টিতে নেমেছে।

চীনের বাজারে টয়োটার বিক্রিতে সবচেয়ে বড় ধাক্কা দেখা গেছে। দেশটিতে আগস্টে বিক্রি ২২ দশমিক ৮ শতাংশ কমেছে। জ্বালানির দাম বাড়ার পাশাপাশি হাইব্রিড ও প্রচলিত জ্বালানিচালিত গাড়ির চাহিদা কমে যাওয়ায় বাজারটিতে টানা সপ্তম মাসের মতো বিক্রি কমল টয়োটার।

যুক্তরাষ্ট্রে, যা টয়োটার সবচেয়ে বড় বাজার, আগস্টে বিক্রি কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। মধ্যপ্রাচ্যের বাজারে পতনের হার আরও বেশি—৩৭ দশমিক ৫ শতাংশ। তবে এর বিপরীতে নিজ দেশ জাপানে টয়োটার গাড়ি বিক্রি ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে।

উৎপাদনেও একই ধরনের চাপ দেখা গেছে। আগস্টে চীনে টয়োটার উৎপাদন ১১ দশমিক ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ৬ শতাংশ কমেছে। জাপানে উৎপাদন কমেছে ১ দশমিক ৭ শতাংশ।

জাপানে উৎপাদন কমার পেছনে কিউশু দ্বীপে ভূমিকম্পের পর কয়েকটি কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকার প্রভাবও ছিল।

টয়োটার প্রকাশিত এই হিসাবের মধ্যে প্রতিষ্ঠানটির বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিক্রি ও উৎপাদনের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.