হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবের জবাব আজ দিতে পারে যুক্তরাষ্ট্র: আরাঘচি

শর্তপূরণ সাপেক্ষে সাতদিনের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে ইরান নতুন যে প্রস্তাব দিয়েছে, সেটির জবাব আজ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমে এ তথ্য জানান আরাঘচি।

তিনি বলেন, “কাতারি মধ্যস্থতাকারীরা তাদের পরিকল্পনা উপস্থাপন করেছে এবং আমরা এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি। কাতারিরা আজ আরেকবার এ পরিকল্পনা মার্কিনিদের কাছে উত্থাপন করবে এবং আমাদের কাছে তাদের চূড়ান্ত জবাব পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কাতারিদের আশা আগামীকাল (আজ মঙ্গলবার) এই প্রক্রিয়া সম্পন্ন হবে।”

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যান তিনি।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষদের সাধারণ বিতর্কের শুরুর দিকেই বক্তব্য দেন। তবে আরাঘচি এখনো নিউইয়র্কে রয়ে গেছেন। সেখানে মার্কিনিদের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে। যদিও আলোচনাটি সরাসরি হওয়ার বদলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হচ্ছে।

ইরান নতুন প্রস্তাবটির নাম দিয়েছে ‘সাতদিনের প্রস্তাব’। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ, নিষেধাজ্ঞা তুলে দিতে হবে এবং ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে হবে। আর যদি যুক্তরাষ্ট্র এসব শর্ত মানে তাহলে সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

যা গত ফেব্রুয়ারি থেকে বন্ধ আছে। ওই মাসের শেষদিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হতো।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.