হুয়াংয়ের প্রস্থান ও মার্কিন নজরদারিতে চাপে চীনের এআই প্রকল্প

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের প্রস্থান এবং যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারির কারণে চীনের ৩ বিলিয়ন ডলারের বেশি মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়েছে। এসব প্রকল্পের অনেকগুলোই যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার উন্নত চিপের ওপর নির্ভরশীল।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের ১৫০টির বেশি সরকারি ক্রয় বিজ্ঞপ্তি, বিনিয়োগ পরিকল্পনা, নির্মাণ চুক্তি ও কোম্পানির নথি পর্যালোচনা করে এসব প্রকল্পের সন্ধান পেয়েছে সংস্থাটি।

রয়টার্সের পর্যালোচনা অনুযায়ী, প্রকল্পগুলোর সম্মিলিত ঘোষিত মূল্য ২৩ বিলিয়ন ইউয়ানের বেশি, যা প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের সমান। তবে এই হিসাবের মধ্যে শুধু এনভিডিয়ার চিপ কেনার খরচ নয়, বরং ভবন, বিদ্যুৎব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো নির্মাণের ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এতে পরিকল্পনাধীন বিনিয়োগ, স্বাক্ষরিত চুক্তি এবং ইতোমধ্যে স্থাপিত অবকাঠামো—সবই রয়েছে।

চীনের উপকূলীয় প্রযুক্তিকেন্দ্র থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত প্রদেশ পর্যন্ত এসব প্রকল্প বিস্তৃত। স্থানীয় সরকার-সমর্থিত উদ্যোগ, বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক কম্পিউটিং সেন্টারও এনভিডিয়ার প্রযুক্তির ওপর নির্ভর করে এআই অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে।

প্রকল্পগুলোর কয়েকটি ইতোমধ্যে চালু হয়েছে বা নির্মাণাধীন। আবার কিছু প্রকল্পে এনভিডিয়ার এইচ১০০, এইচ২০০ ও এইচ৮০০ প্রসেসর স্থাপনের পরিকল্পনা রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের একটি কম্পিউটিং স্থাপনায় বছরের শেষ নাগাদ হাজার হাজার এনভিডিয়া চিপ বসানোর কথা ছিল। তবে সেগুলো সেখানে পৌঁছেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর হলে এসব প্রকল্পে চিপ সরবরাহে বিঘ্ন, নির্মাণে বিলম্ব কিংবা চীনের নিজস্ব চিপ ব্যবহার উপযোগী করে অবকাঠামো নতুনভাবে সাজানোর প্রয়োজন হতে পারে। এতে প্রকল্পগুলোর ব্যয়ও বাড়তে পারে।

এদিকে ২০২২ সালে এনভিডিয়ার উন্নত এআই প্রসেসর রপ্তানিতে বিধিনিষেধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। পরে চীনের বাজারের জন্য তৈরি পরিবর্তিত সংস্করণের চিপ, যার মধ্যে এইচ৮০০-ও রয়েছে, সেগুলোর ওপরও নিয়ন্ত্রণ কঠোর করা হয়। চলতি বছরের জানুয়ারিতে যোগ্য চীনা গ্রাহকদের কাছে এইচ২০০ চিপ রপ্তানির লাইসেন্স পৃথকভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

এনভিডিয়া গত আগস্টে দেওয়া এক নথিতে জানায়, চীনের ডেটা সেন্টার কম্পিউটিং বাজার থেকে কার্যত তাদের বাদ পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রয়টার্সের উদ্ধৃত আইডিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনের এআই অ্যাক্সিলারেটর সরবরাহের ৩৪ শতাংশ ছিল এনভিডিয়ার দখলে। যদিও এই দুই হিসাবের পরিমাপের ধরন আলাদা। রয়টার্সের অনুসন্ধানে পাওয়া নিষিদ্ধ চিপগুলো কীভাবে চীনা ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে, তা এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় না।

এর মধ্যে বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘটনা যুক্তরাষ্ট্রের নজরদারি আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে। অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে বেইজিংয়ের সঙ্গে গোয়েন্দা-সংশ্লিষ্টতার সন্দেহ করছে মার্কিন কর্তৃপক্ষ। তবে জেনসেন হুয়াং রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন—এমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে, সিঙ্গাপুরভিত্তিক এনভিডিয়ার ক্লাউড অংশীদার প্রতিষ্ঠান মেগাস্পিড অবৈধভাবে চীনে এনভিডিয়ার চিপ সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদও বিষয়টি খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, কোম্পানির গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন বিশ্বাস করার কোনো কারণ তাদের নেই।

তবে রয়টার্সের শনাক্ত করা চীনা প্রকল্পগুলোর সঙ্গে মেগাস্পিড বা হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও এনভিডিয়া এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.